দেশেই ভেন্টিলেটর বানাচ্ছে টাইগার আইটি

৮ এপ্রিল, ২০২০ ০১:২২  
দেশেই ভেন্টিলেটর বানাচ্ছে বাংলাদেশভিত্তিক বহুজাতিক তথ্যপ্রযুক্তি কোম্পানি টাইগার আইটি। এ জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষণা সংস্থা এমআইটি মিডিয়া ল্যাবের ভেন্টিলেটর সংশ্নিষ্ট প্রাথমিক কনসেপ্ট নোট (ধারণাপত্র) নিয়ে কাজ করেছে কোম্পানিটি।  এমআইটির নকশা ও প্রকৌশ ধারণা নিয়ে লকডাউনের মধ্যেই প্রতিষ্ঠানটির  প্রকৌশলী সাজ্জাদুল হাকিম ও রেদোয়ান হাসানের নেতৃত্বে একটি টিম ঘরে বসেই ডিভাইসটি বানাচ্ছে। টাইগার আইট সূত্রে জানাগেছে, ভেন্টিলেটরটি তৈরিতে সর্বোচ্চ খরচ হবে ১৫ হাজার টাকার মতো। ভারতেই এই মানের একটি ভেন্টিলেটর কিনতে খরচ হবে প্রায় ৮০ হাজার টাকা। এ বিষয়ে টাইগার আইটির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জিয়াউর রহমান জানিয়েছেন, প্রাথমিকভাবে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তারা ৫০০ ইউনিট ভেন্টিলেটর তৈরি  করে সরকারের হাতে তুলে দেবেন। ভেন্টিলেটরটির ব্যবহার উপযোগিতা যাচাইয়ের জন্য চলতি সপ্তাহে রাজধানীর করোনা সম্পর্কিত একটি বিশেষায়িত হাসপাতাল এবং অন্য একটি সরকারি হাসপাতালে দেওয়া হবে। ভেন্টিলেটরের ডিজাইন এবং স্পেসিফিকেশন সবার জন্য উন্মুক্ত থাকবে।